চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি করেছে মুখোশধারী একটি দল। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোনসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে আলমারি ও নারীদের পরনে থাকা স্বর্ণালংকার লুট করে নেয় তারা।
প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!

ডাকাতরা ৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার, দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, একটি বাটন মুঠোফোন, সিসি ক্যামেরার মনিটর, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ এবং নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার জানান, ডাকাতির খবর পেয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
















