বলিউড অভিনেতা নানা পাটেকরকে ঘিরে পুরোনো যৌন হয়রানির অভিযোগ নিয়ে আবারও মুখ খুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তবে তনুশ্রীর স্পষ্ট বক্তব্য, নানা কখনো তার কাছে ক্ষমা চাননি। তাই শুধু মৃত্যুর কারণে অতীতের অভিযোগ ভুলে যেতে রাজি নন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন তনুশ্রী। সেখানে ২০১৮ সালে #মি টু আন্দোলনের সময় অভিযোগ সামনে আনার পর নিজের জীবনে ঘটে যাওয়া নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন তিনি।
তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিংয়ের সময় নানা পাটেকর তার সঙ্গে অসদাচরণ করেছিলেন। এক দশক পর, ২০১৮ সালে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। তার অভিযোগ ঘিরে বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয় এবং ভারতে #মি টু আন্দোলন নতুন গতি পায়। তবে নানা পাটেকর বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন। পরে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি বন্ধ করে দেওয়া হয়।
গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর!

অভিনেত্রীর দাবি, অভিযোগ প্রকাশ্যে আনার পর থেকে তার জীবন অনেকটাই বদলে গেছে। আগে নিয়মিত শরীরচর্চা করতেন এবং নির্ভয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন। কিন্তু আন্দোলনের পর এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যা প্রকাশ্যে বিস্তারিত বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়া ২০২৪ সালে তার গাড়ির ব্রেক কেটে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তনুশ্রী। তার দাবি, বিভিন্ন সময়ে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অনুসরণ করেছেন এবং নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন থাকতে হয়েছে।
নানা পাটেকরের মৃত্যুর পর তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে অনেকে যোগাযোগ করছেন বলে দাবি তনুশ্রীর। তবে তার মতে, ক্ষমা চাইতে হলে প্রথমে নিজের ভুল স্বীকার করতে হয় এবং সেই কাজের দায় নিতে হয়। অন্যায়ের স্বীকৃতি ও অনুশোচনা ছাড়া ক্ষমা চাওয়ার বিষয়টি অর্থবহ হয় না বলেও মনে করেন তিনি।
নানার মৃত্যুর খবর প্রকাশের পরপরই প্রতিক্রিয়া না জানিয়ে কিছুটা সময় অপেক্ষা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তনুশ্রী। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও বিভিন্ন বার্তার কারণে নিজের অবস্থান আবারও স্পষ্ট করতে হয়েছে বলে দাবি তার।
২০১৮ সালে তনুশ্রীর অভিযোগ বলিউডে যৌন হয়রানি ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। নানা পাটেকর অভিযোগ অস্বীকার করলেও তনুশ্রী নিজের অভিজ্ঞতার কথা বারবার প্রকাশ্যে এনেছেন। তার সাম্প্রতিক বক্তব্যের পর পুরোনো সেই বিতর্ক আবারও আলোচনায় এসেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
















