রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিতর্কের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের বিরুদ্ধে। এতে সড়কে পড়ে প্রাণ হারিয়েছেন দুজন। নিহতরা সম্পর্কে একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
পুলিশ, নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ করতেন মুকুল ও শাকিব। কাজ শেষে সায়মন এক্সপ্রেস পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তারা। একই এলাকার আরও চারজনসহ মোট ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন। যাত্রাপথে বাসের ভাড়া নিয়ে তাদের সঙ্গে বাসের কর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়।
মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

বাসটি রংপুরের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় পৌঁছালে আতিফ নামের এক যাত্রীকে বাসের মধ্যে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে আতিফকে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে ওঠেন। এ সময় বাসের কর্মীদের সঙ্গে তাদের নতুন করে তর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
অভিযোগ অনুযায়ী, এ সময় বাসের কর্মীরা মুকুল ও শাকিবকে লাথি মেরে চলন্ত বাস থেকে সড়কে ফেলে দেন। এতে তারা গুরুতর আহত হন। পরে আতিফের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটির গতিরোধ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এদিকে দুই যাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

















