দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নিয়োগ পেয়েছেন তিনি। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত জানানো হয়। বিশ্ব ক্রিকেটের বিস্তার, দর্শকপ্রিয়তা বৃদ্ধি ও বাণিজ্যিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, আইসিসি বোর্ড তাঁর ওপর যে আস্থা রেখেছে, তাতে তিনি গভীরভাবে সম্মানিত। পরিচালকদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
জয় শাহ আরও বলেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জন্য একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ চালিয়ে যেতে চান তিনি।
বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!

ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জয় শাহ বলেন, বিশ্ব ক্রিকেট বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন খেলাটির জন্য বড় সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে নতুন দর্শকের কাছে ক্রিকেটকে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, আইসিসির দায়িত্ব কেবল সফল টুর্নামেন্ট আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদারসহ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রত্যাশা বিবেচনায় নিয়ে খেলাটির আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
জয় শাহর ভাষ্য, মানুষকে এক সুতোয় বাঁধার অসাধারণ ক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। আইসিসির বোর্ড ও সদস্য দেশগুলোর সমর্থন নিয়ে পরিকল্পনাগুলো বাস্তবায়ন এবং এমন অগ্রগতি নিশ্চিত করাই তাঁর লক্ষ্য, যার সুফল আগামী প্রজন্মও পাবে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকছে। বিশেষ করে অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন এবং বিশ্বজুড়ে খেলাটির জনপ্রিয়তা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে জয় শাহর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আইসিসি।

















