মেয়ের তৃতীয় জন্মদিনে ব্যাট হাতে দুর্দান্ত এক উপহার দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে নিজের বিশেষ ইনিংসটি উৎসর্গ করেছেন একমাত্র মেয়ে আনায়রাকে। শতক পূরণের পর পকেট থেকে একটি কাগজ বের করে মেয়ের উদ্দেশে লেখা আবেগঘন বার্তাও দেখান তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে মার্কো ইয়ানসেনের বলে পুল শটে চার মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান লিটন। এটি টেস্ট ক্রিকেটে তাঁর অষ্টম সেঞ্চুরি। শতক পূরণের পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদ্যাপন করেন এই ডানহাতি ব্যাটার।
এরপর পকেট থেকে একটি কাগজ বের করে দর্শকদের সামনে তুলে ধরেন লিটন। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য…।’ মূলত মেয়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এমন বিশেষ উদ্যাপনের আয়োজন করেন তিনি।
দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সভাপতি জয় শাহ!

লিটনের মেয়ে আনায়রার আজ তৃতীয় জন্মদিন। বিশেষ এই দিনে বাবার ব্যাট থেকে আসা শতক যেন জন্মদিনের উপহারকে আরও আনন্দময় করে তুলেছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাবার এমন আবেগঘন বার্তাও ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।
এদিকে, সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মেহেদী হাসান মিরাজ। দিনের প্রথম উইকেট হিসেবে ডেল পিটারসনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৬ বলে ১০ রান করেন এই অলরাউন্ডার।
এর আগে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৭ রান। দিনের শেষ বলে মার্কো ইয়ানসেনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়। তাঁর ব্যাট থেকে আসে দুর্দান্ত ১৩৭ রান। লিটন দাসের সঙ্গে ষষ্ঠ উইকেটে ২০৬ রানের জুটি গড়েন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সব মিলিয়ে ব্যাট হাতে লিটন ও হৃদয়ের অসাধারণ পারফরম্যান্সে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। এর মধ্যেই মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি ও বিশেষ উৎসর্গ যোগ করেছে অন্যরকম আবেগের মুহূর্ত।
















