রাজধানী ঢাকার তিন এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় এসব ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং অন্য দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাগুলোর মধ্যে সর্বশেষ অগ্নিসংযোগের ঘটনা ঘটে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবীর কালশী এলাকায়। সেখানে চলন্ত অবস্থায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে বাসটির চালক, সহকারী ও যাত্রীরা নিরাপদে থাকায় কেউ হতাহত হননি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের বিহারি ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্কিংয়ে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে যায়। পার্কিংয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন দেওয়ায় ওই সময় কোনো যাত্রী হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।
নেত্রকোণায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ ছাড়া রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডার মেরুল এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে সড়কে চলন্ত আলিফ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। ফলে এ ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজধানীর তিনটি পৃথক এলাকায় ধারাবাহিকভাবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে এসব অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত এবং কী কারণে ঘটনাগুলো ঘটানো হয়েছে, তা বিস্তারিতভাবে জানা যায়নি।

















