কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৬’। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কাউনিয়া কলেজ মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে এই ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরীর উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি পাপিয়া সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের আলী, জেলা স্কাউটসের উপপরিচালক মো. রাসেল আহমেদ, কমিশনার মো. মাহবুবার রহমান, সম্পাদক মো. আব্দুর রহিম, উপজেলা স্কাউটসের কমিশনার মোছা. শিপুন আখতার, সম্পাদক মো. ফাকের সরকার, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আসফিকা বুলবুল পেস্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
টাঙ্গাইলে হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সাবেক সেনা সদস্য মো. শামসুজ্জামান খানের ইন্তেকাল

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, স্কাউটস পতাকা ও কাব পতাকা উত্তোলন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা ক্যাম্পুরীতে অংশ নেওয়া কাব স্কাউটস সদস্যদের শুভেচ্ছা জানান এবং বিভিন্ন তাঁবু ঘুরে দেখেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের কাব ক্যাম্পুরীতে উপজেলার ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২টি দলের ইউনিট লিডার ও কাব স্কাউটস সদস্যরা অংশ নিয়েছে। তিন দিনব্যাপী এই আয়োজনে শিশু-কিশোরদের সৃজনশীলতার বিকাশ, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ নানা শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এসব কার্যক্রমের মাধ্যমে কাব স্কাউটদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে উঠবে। একই সাথে এই আয়োজন শিশু-কিশোরদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















